হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ’ (রাবেতা) শিক্ষাবোর্ডের প্রথম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ।
শনিবার সকালে দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা ফোরকান আহমদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করা হয়।
বোর্ড সূত্র জানায়, দেশের চারটি জোনের অধীনে ২৪৯টি কেন্দ্রে হিফজুল কুরআন ও কিতাব বিভাগের প্রাথমিক স্তর (নাহু-সরফ) শ্রেণীর মোট আট হাজার ৯৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে চার হাজার ১০২ জন ‘মুমতাজ’ বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
ফল প্রকাশ অনুষ্ঠান পরিচালনা করেন বোর্ডের উপ-সচিব মাওলানা রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার মুহতামিম, বোর্ড কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশ নেন। বোর্ড চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী প্রথম শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মাদরাসার পরিচালক, শিক্ষাসচিব ও পরীক্ষকদের ধন্যবাদ জানান।
ফলপ্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম আল্লামা হাবীবুর রহমান কাসেমী, মেখল হামিউচ্ছুন্নাহ মাদরাসার মুহতামিম আল্লামা ওসমান ফয়জী, আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড. মাওলানা নুরুল আবছার আযহারী, চারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওসমান সাঈদী, ফতেপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ, মাওলানা ইসমাঈল খান ফয়জী, ঝিনাইদহ প্রতিনিধি মুফতি শহীদুল্লাহ, বরগুনা প্রতিনিধি মাওলানা গোলাম মাওলা, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা জাকারিয়া হাসনাবাদী প্রমুখ।



