বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Printed Edition

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি সমর্থক হিসেবে যেসব ভোটারের স্বাক্ষর দেখিয়েছিলেন, তারা সেই স্বাক্ষর দেয়ার কথা অস্বীকার করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সাথে বিএনপির দুই প্রার্থীসহ মোট চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান বগুড়া জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ও এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন এবং গণফোরামের জুলফিকার আলী। অপরদিকে তথ্যগত ত্রুটির কারণে দুই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় ইসলামী আন্দোলনের প্রার্থী এ বি এম মোস্তফা কামাল পাশার মনোনয়ন ও প্রস্তাবকের ঘাটতির কারণে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন এখনো ঝুলে রয়েছে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।