নয়া দিগন্ত ডেস্ক
লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের রাজার সাথে একান্ত সাক্ষাতের জন্য পৌঁছালে তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
চার দিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামেন তিনি।
গতকাল লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রধান উপদেষ্টা।
উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দিনের শুরুতে বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠক করেন অধ্যাপক ইউনূস।
এরপর বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত তিনি রাজা তৃতীয় চার্লসের দেয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়ার কথা। বেলা সাড়ে ৩টায় হাউজ অব কমন্সের স্যার লিন্ডসে হোয়েলের সাথে একান্ত বৈঠকে কর্মসূচি রয়েছে। এরপর তিনি একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের সাথে মতবিনিময় করার কথা।
ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
বাসস জানায়, ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোক বার্তায় লিখেছেন, ‘আহমেদাবাদে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’ অধ্যাপক ইউনূস বলেন, এই দুঃসময়ে, আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনরা। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।



