রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম হিরো চিকেন পক্সে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রোগের জটিলতায় তিনি বাম চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়েছেন এবং ডান চোখেও ঝাপসা দেখছেন। উন্নত চিকিৎসার ব্যয় বহনে অক্ষম হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ জুন জ্বর, শরীরব্যথা ও ফুসকুড়ি নিয়ে তিনি রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে ২৮ জুন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার চিকেন পক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংক্রমণ মুখগহ্বর, নাক, কান ও দুই চোখে ছড়িয়ে পড়ায় টানা সাত দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কাজ করতে পরিবারের সদস্যদের সহায়তা নিচ্ছেন।
চিকিৎসকদের মতে, তার দ্রুত উন্নত চিকিৎসা এবং চক্ষুবিশেষজ্ঞের নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন। তবে দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারটি আর্থিক সঙ্কটে পড়েছে।
এ অবস্থায় সাংবাদিক আমিনুল ইসলাম হিরো দেশ-বিদেশে অবস্থানরত সহকর্মী সাংবাদিক, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার পাঠানোর জন্য যোগাযোগ : ০১৭৪৩-৯০৪৭৯৩।



