কক্সবাজার অফিস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যা করার জন্য গুম করেছিল, আল্লাহর দরবারে আমার হায়াত ছিল বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা দোয়া করেছেন। এই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিবাদের নিপাত হয়েছে। আওয়ামী বাকশালি ফ্যাসিবাদী গোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি গতকাল বুধবার দুপুরে পেকুয়া উপজেলার বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে টৈটং ধনিয়াকাটায় এক পথসভায় এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এই দেশে যত গুম খুন হয়েছে সবগুলোর বিচার করা হবে। এর আগে সালাহউদ্দিন আহমেদ সকালে পেকুয়া উপজেলার শিলখালী বারবাকিয়া টৈটং ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। তিনি বলেন, গণতন্ত্রের মার্কা ধানের শীষ। আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।
পথসভায় তিনি আরো বলেন, এ দেশের শান্তি শৃঙ্খলার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে দেশের সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করবে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন। জনসংযোগ ও পথসভায় আরো উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদসহ বিএনপি নেতৃবৃন্দ।



