নিজস্ব প্রতিবেদক
তৃতীয় দফায় পিছিয়ে এবার ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সময়সূচি নির্ধারণ করেছে। একইসাথে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৫ এপ্রিল। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। সময়সূচি মতে, প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ১৫ এপ্রিল তাত্ত্বিক পরীক্ষা শেষে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা ২২ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে।
একইসাথে আন্তঃশিক্ষা বোর্ড এই পরীক্ষার জন্য ১৪টি বিশেষ নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন নিতে হবে; প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে; প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না; পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে; শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে; পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।
নির্দেশনায় আরো রয়েছে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না; পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে; প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেয়া যাবে না; পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন; পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে; কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না; সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে; ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে; পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকায় এবং সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।



