সিলেট ব্যুরো
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে ‘পিংক বাস’ সার্ভিস। এবার দ্বিতীয় ধাপে সিলেটসহ দেশের আরো কয়েকটি শহরে এ সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটে অন্তত একটি বাস চালুর সম্ভাব্যতা যাচাই চলছে। প্রাথমিকভাবে হুমায়ুন রশীদ চত্বর থেকে বন্দরবাজার, আম্বরখানা হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পর্যন্ত রুটটি বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার রুকনোজ্জামান। তিনি জানান, সিলেটে দ্বিতীয় ধাপে অন্তত একটি মহিলা বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই চলছে। তবে কবে থেকে এ সেবা চালু হবে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করা হচ্ছে।
বিআরটিসি সিলেট ডিপো সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করে সম্ভাব্য রুট নির্ধারণের কাজ চলছে। হুমায়ুন রশীদ চত্বর-বন্দরবাজার-আম্বরখানা-শাবিপ্রবি রুটটি চালু হলে দক্ষিণ সুরমা, নগরের কেন্দ্রীয় এলাকা ও শাবিপ্রবির মধ্যে চলাচলকারী নারী শিক্ষার্থী, চাকরিজীবীসহ অন্যান্য নারীযাত্রীরা পৃথক গণপরিবহনের সুবিধা পাবেন।
জানা গেছে, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি পিংক বাস চালু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি পথে ১০টি, বগুড়ায় দু’টি পথে দু’টি এবং চট্টগ্রামে একটি পথে দু’টি বাস চলছে। তিন শহরে মোট ১৩৪টি স্টপেজ রয়েছে।
বিআরটিসি জানিয়েছে, বাসগুলোতে ই-টিকিটের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য কয়েকটি বাসে সিসিক্যামেরা এবং প্রতিটি বাসে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বাসে এসব সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পিংক বাসের চালক, সহকারী ও ভাড়া আদায়কারী হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন এবং যাত্রীও থাকবেন শুধু নারী। নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি নারী চালকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।



