ক্রীড়া প্রতিবেদক
ধূমকেতুর বিপক্ষে জয়ের জন্য শেষ দুই ওভারে দুর্বার একাদশের প্রয়োজন ছিল ৩৩ রান। ১৯তম ওভারে বল হাতে আসলেন শরীফুল ইসলাম। তার করা ওভারের প্রথম দুই বলে বিশাল ছক্কা হাঁকালেন নুরুল হাসান সোহান। পরের বলে দুই। চতুর্থ বলে আবার ওভার বাউন্ডারি। পঞ্চম বল ডট। ওভারের শেষ বলটাকেও লং অনের ওপর দিয়ে সীমানাছাড়া করলেন সোহান। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৭ রান। ওভারের প্রথম বলটি নো। সাথে একটি বাই রানও। ফলে ৬ বলে ৫ রান। পরের বলে নন স্ট্রাইকে থাকা সোহান রানের জন্য দৌড় দিয়ে ৪৪ বলে ৭৬ রান করে রানআউট। ব্যাট হাতে মাঠে নেমে প্রথম বলেই সীমানাছাড়া করে দলের জয় নিশ্চিত করলেন হাসান মাহমুদ। অদম্য বাংলাদেশ টি-২০ কাপে ৩ বল হাতে রেখে ২ উইকেটের জয় দুর্বার একাদশের।
মিরপুর শেরে বাংলায় গতকাল আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছিল ধূমকেতু। লক্ষ্য তাড়ায় সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটের জয় পায় দুর্বার। ১৫৭ রানকে তাড়া করতে নেমে ১৩তম ওভারে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল দুর্বার। সেখান থেকে সাইফউদ্দিনকে সাথে নিয়ে লড়াই চালিয়ে আউট হলেও জয়ের নায়ক সোহান। সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৯ রান।
এর আগে টস জিতে দুর্বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে পাঠায় ধূমকেতুকে। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে ধূমকেতু। আগের ম্যাচে সাইফ হাসান অর্ধশতকের দেখা পেলেও গতকাল আউট হন ২৮ রানে। ধূমকেতুর হয়ে ৫টি চারের সাহায্যে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক লিটন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান নিয়ে অপরাজিত ছিলেন শেখ মাহেদী। দুর্বারের হয়ে দু’টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।



