রানার হ্যাটট্রিকেও হার নোয়াখালীর

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় দিনেই সিলেট জাতীয় স্টেডিয়ামে হ্যাটট্রিকের মুখ দেখল বিপিএলের ১২তম আসর। স্বাগতিক সিলেটের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করলেন নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বাঁ হাতি পেসার ২৯ বছর বয়সী মেহেদী হাসান রানা। সাবেক অনূর্ধ্ব-১৯ দলের এ পেসার এর আগে খেলেছেন বেক্সিমকো, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা ক্যাপিটাল, ফরচুন বরিশাল, শেখ জামাল ধানমন্ডি এবং বিসিবি একাদশের হয়ে। তিনি ১৮তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজকে জাকের আলীর ক্যাচ বানান, পঞ্চম বলে নাসুম আহমেদকে এলবিডব্লিউ করেন এবং ষষ্ঠ বলে খালেদ আহমেদকে ইহসানউল্লাহর ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

ব্যাটিং ব্যর্থতায় বিপিএলের অভিষেক ম্যাচে বড় পরাজয় দেখেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। সিলেটে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গতকালও শুরুতে একই পরিস্থিতিতে পড়ে তারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৯ রান তুলতেই নেই তিন উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলি অনিকের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৩ রান করে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। জবাবে শেষ বলে এক রান নিয়ে এক উইকেটের রোমাঞ্চকর জয় পায় স্বাগতিক সিলেট।

নোয়াখালীর মাহিদুল ইসলাম অঙ্কন ৫১ বলে এক চার ও তিন ছক্কায় সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন। খালেদ আহমেদ ২৩ রান খরচায় চার উইকেট নেন। জবাবে সিলেটের পারভেজ হোসেন ইমন ৪১ বলে ছয় চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন। মেহেদী হাসান রানা ৩৪ রান খরচায় চার উইকেট নেন।