ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

Printed Edition

টাইমস অব ইসরাইল

সৌদি আরব ও তুরস্কের সাথে কৌশলগত ত্রিমুখী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পরদিনই ইসরাইলকে ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গত শনিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি ইসরাইলকে মুসলিম বিশ্বের জন্য প্রত্যক্ষ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেন এবং এ রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে একত্র হয়ে সামরিক জোট গঠনের জোরালো আহ্বান জানান।

সাক্ষাৎকারে খাজা আসিফ নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ইসরাইল ইস্যুতে সমস্ত মুসলিম দেশকে অভিন্ন অবস্থান নিতে হবে। ১৯৪০-এর দশকের বালফোর ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ইসরাইল মূলত বালফোর কাঠামোরই ফল, যা ১৯৪০-এর দশকে অবৈধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এ অঞ্চলের যেকোনো দেশের নিরাপত্তার জন্যই তা হুমকি তৈরি করতে পারে। উল্লেখ্য, ১৯১৭ সালের ব্রিটিশ ঘোষণার ধারায় ইসরাইল রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও; ১৯৪৭ সালে প্রায় সমমানের ব্রিটিশ প্রক্রিয়ার মাধ্যমে পাকিস্তানের জন্ম ঘটেছিল। ইতঃপূর্বে ইসরাইলকে ‘মানবজাতির জন্য অভিশাপ’ ও ‘ক্যানসার আক্রান্ত রাষ্ট্র’ বলে আখ্যা দেয়া এ পাকিস্তানি মন্ত্রী স্পষ্ট করেন যে, আসন্ন ২৭ অক্টোবরের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হলেও ইসরাইলকে ঘিরে তার এ কঠোর অবস্থানে কোনো নমনীয়তা আসবে না। তার মতে, জেরুসালেমের নেতৃত্বে কে

এলেন নফতালি বেনেট নাকি অন্য কেউ তাতে মূল চিত্রে বিশেষ প্রভাব পড়বে না। ফিলিস্তিনিদের প্রতি তাদের বৈরী মনোভাব ও মানসিকতা অপরিবর্তিত থাকবে; তারা একের পর এক মুসলিম দেশকে পরস্পরের মুখোমুখি দাঁড় করাচ্ছে। ফলে ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত গোটা ইসলামিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

খাজা আসিফের এ সাম্প্রতিক বক্তব্যের ওপর ইসরাইল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইতঃপূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের দেয়া এক মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা মার্কিন-ইসরাইল ও ইরান সঙ্ঘাত নিরসনে ইসলামাবাদের মধ্যস্থতাকারীর ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে নেতানিয়াহু বলেছিলেন, মধ্যস্থতাকারী কোনো দেশের মন্ত্রীর মুখে ইসরাইল বিনাশের আহ্বান অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।