অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পঞ্চগড় সীমান্তে আটক ১

Printed Edition

পঞ্চগড় থেকে প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ওই বাংলাদেশী নাগরিককে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বিজিবি সদস্যরা। আটক বাংলাদেশীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি। আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, অসীম নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব পিলার এলাকা থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকা দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তারা আইনি প্রক্রিয়া শেষে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।