নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট এলাকায় ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটির মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মায়ের প্রশ্নের মুখে শিশুটি জানায়, প্রতিবেশী ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করেছে।
এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে শাহ আলী থানায় একটি এজাহার দায়ের করেন। মামলা গ্রহণের পর পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯১
এ দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়। উদ্ধার করা হয়েছে একটি বিদেশী রিভলবার, গুলি, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মালামাল। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।



