ময়মনসিংহে চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ নগরীতে পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক পশুচিকিৎসককে মারধর, চেম্বারে ভাঙচুর ও ক্যাশবাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। হামলার ঘটনার ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে এক নারীকে চিকিৎসককে মারধর করতে এবং ছাত্রদলের এক নেতাকে ঘটনার ভিডিও ধারণের পাশাপাশি চিকিৎসকের ওপর চড়াও হতে দেখা গেছে।

ঘটনার পর অভিযুক্ত ছাত্রদল নেতা তালহাজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী চিকিৎসক মো: আশিকুর রহমান। নগরীর জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে তার চেম্বার। সেখানে বিড়ালের চিকিৎসার পাশাপাশি পোষা প্রাণীর বিভিন্ন উপকরণ বিক্রি করা হয়।

অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

চিকিৎসকের অভিযোগ- দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। তিনি প্রতিবাদ করলে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসক আশিকুর রহমানকে মারধর করছেন। এ সময় পাশে থাকা ছাত্রদল নেতা তালহাজুর রহমান মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।

চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে তিন লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। ভাঙচুর করা হয় চেম্বারের বিভিন্ন মালামাল। এতে প্রায় এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি চিকিৎসকের।

তবে হামলার নেপথ্যে শুধু চাঁদা দাবিই নয়, ব্যক্তিগত বিরোধের বিষয়টিও রয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান। তার দাবি- প্রায় এক বছর আগে একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে আফরিন রশিদ সেঁজুতির সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে তার হাত রয়েছে, এমন ভুল ধারণা থেকেও তার ওপর হামলা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ দিকে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।