সিদ্ধান্ত বাতিলের আহ্বান

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষুব্ধ হেফাজত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনোনীত করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সাথে সরকারকে এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

গতকাল এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানোর পর তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। দেশের আলেম ওলামা ও তাওহিদি জনতার পক্ষে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

হেফজাতে ইসলামের নেতারা বলেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়েছিল, শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাজহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী।

তিনি আরো বলেন, ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এ পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল ও ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দিয়ে এমন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত হানবে।