নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। শুধু তাই নয় পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যার পর তার ১৫ বছরের কিশোরীকেও হত্যার পর ধর্ষণ করে। এ ছাড়াও রোববার চুয়াডাঙ্গায় বিএনপির সাথে জামায়াতের সংষর্ষের ঘটনায় জামায়াতের নেতার ভাইকে দলীয় কর্মী দাবি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে খুলনায় যুবদল নেতাকে কুপিয় হত্যা, রাজশাহীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা, মোহাম্মদপুরে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর, হবিগঞ্জে আধিপত্যের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ঢাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরূদ্ধে এবং সর্বশেষ চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাসায় প্রকাশ্যে গুলি করে প্রশিক্ষিত শুটাররা।
দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ও পূর্ব শত্রুতার জেরে একের পর এক হত্যাকাণ্ড এবং গুলি করে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে।
গত রোববার ‘সকল প্রাণের নিরাপত্তা (সপ্রাণ)’ নামের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতায় পাঁচজন নিহত ও ২২৬ জন আহত হয়েছেন। এই সময়ে দেশের অন্তত ১৫টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে আটটি জেলায়। জেলাগুলো হলো বাগেরহাট, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, ভোলা, গাইবান্ধা ও নোয়াখালী।
আইন ও সালিশ কেন্দ্র তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ২০২৫ সালে ৪০১টি রাজনৈতিক সহিংসতায় ১০২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় চার হাজার ৭৪৪ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে ৭৫টি সহিংসতার ঘটনায় ১১ জন নিহত এবং ৬১৬ জন আহত হয়েছেন। হিসাব করলে ফেব্রুয়রিতে সহিংসতা ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
সম্প্রতি নরসিংদীতে ১৫ বছরের কিশোরী আমেনাকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত সাতজনকে গত রোববার আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু বিচার কি আদৌ হবে কি না এই নিয়ে চরম হতাশা প্রকাশ করেছে স্বজনরা।
গতকাল হত্যার শিকার কিশোরীর ভাই আরিফুল নয়া দিগন্তকে বলেন, আমার খুব স্বপ্ন ছিল বোনটাকে নিজ হাতে বিয়ে দিবো। এত সুন্দর হাশিখুশি বোনটাকে পিশাচরা যেভাবে নির্যাতনের পর হত্যা করল তাতে আমার পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভয় হয়। পিশাচরা যেন ছাড়া না পায় এবং তাদের বিচারটা যেন সঠিকভাবে হয়। তিনি আরো বলেন, তারা দুই বোন এক ভাই। বোনদের মধ্যে আমেনা ছিল বড়। আরেক বোন লিয়ামনিকে (১৩) আরেক জনের কাছে দত্তক দিয়েছে। তারাই তাকে লালনপালন করছেন। আরিফুল ও তার মা শ্রমিকের কাজ করেন। তিনি বলেন, অন্তত বিচারটা যেন দেখে যেতে পারেন তারা।
আমেনার স্বজনরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসামিরা বিএনপির রাজনৈতিক নেতাকর্মী। তারা প্রভাবশালী হওয়ায় জেল থেকে ছাড়া পেয়ে আরো ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ জন আসামির মধ্যে সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পাবনায় দাদী ও কিশোরী নাতনী হত্যার ঘটনায় গতকাল পাবনা জেলা পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ নয়া দিগন্তকে বলেন, ঈশ্বরদীর ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতারের পর সে স্বীকার করেছে দু’জনকে হত্যার পর কিশোরীকে ধর্ষণ করেছে। তিনি বলেন, সে একাই ঘটনাটি ঘটিয়েছে। তিনি বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই অভিযুক্তকে গ্রেফতার করেছি।
গত শনিবার সন্ধ্যায় ও রাত ৯টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজার এলাকায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে জামায়াত নেতার ভাই হাফিজুর রহমানকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার রাজশাহীর চারঘাটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা এরশাদুলকে পিটিয়ে হত্যা করা হয়। রাত ১০টার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত।
খুলনায় যুবদল নেতাকে হত্যা, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খান মুরাদকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন ও বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে সাজ্জাদকে ঢাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আরো দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশ, স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি স্থানীয় হাটের ইজারার দরপত্রকে কেন্দ্র করে ছাত্রদল নেতা সাজ্জাদ ও যুবদল নেতা খান মুরাদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়।



