ছুটিকে ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

Printed Edition

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সরকারি ছুটি ও টানা চার দিনের অবকাশকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। মঙ্গলবার দুপুরের পর থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক এবং মানিকগঞ্জের বিভিন্ন সড়কে ঘরমুখো যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যায়। যাত্রীর তুলনায় গণপরিবহন কম থাকায় বাসস্ট্যান্ডগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এর সাথে থেমে থেমে বৃষ্টি ভোগান্তি আরো বাড়িয়েছে। বুধবারের সরকারি ছুটির সাথে বৃহস্পতিবার ছুটি এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটাতে অনেক চাকরিজীবী রাজধানী ছাড়েন। একই সময়ে বিভিন্ন শিল্পকারখানায় দুই দিনের ছুটি দেয়ায় বিপুলসংখ্যক শ্রমিকও বাড়ির পথে রওনা হন।

সরেজমিনে দেখা যায়, বিকেল থেকে সাভার, হেমায়েতপুর, আমিনবাজার, নবীনগর, মানিকগঞ্জ, পাটুরিয়া ও আরিচামুখী বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সারি। বাস আসার সাথে সাথে আসন পূর্ণ হয়ে যাচ্ছে। অনেক বাসে দাঁড়ানোর জায়গাও ছিল না। ফলে যাত্রীদের পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে।

একই চিত্র দেখা গেছে মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া, শিবালয়, দৌলতপুর, হরিরামপুর, সিংগাইর ও সদর উপজেলার অভ্যন্তরীণ সড়কেও। বাস, ম্যাক্সি ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাকিব হাসান বলেন, বুধবারের সরকারি ছুটির সাথে বৃহস্পতিবার ছুটি নেয়ায় চার দিনের অবকাশে বাড়ি ফিরছেন। তবে সাভার বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভিড়ের কারণে বাসে উঠতে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আশুলিয়ার একটি পোশাক কারখানার কর্মী রোকেয়া আক্তার বলেন, কারখানায় দুই দিনের ছুটি হওয়ায় মানিকগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। বৃষ্টির মধ্যে দুই সন্তান নিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর বাসে উঠলেও সিট পাননি এবং পুরো পথ দাঁড়িয়ে যেতে হয়েছে।

পদ্মা পরিবহনের চালক মিজানুর রহমান বলেন, বিকেল থেকে যাত্রীর চাপ হঠাৎ বেড়ে গেছে। প্রতিটি ট্রিপেই বাস পূর্ণ থাকলেও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না। সেলফি বাসের সুপারভাইজার সোহেল রানা জানান, লম্বা ছুটির কারণে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। যাত্রীর তুলনায় বাস কম থাকায় প্রায় সব কাউন্টারেই চাপ বেড়েছে। মানিকগঞ্জ-বানিয়াজুরী অভ্যন্তরীণ রুটের ম্যাক্সিচালক লুৎফর রহমান বলেন, স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী অনেক বেশি।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারি ছুটির সাথে অতিরিক্ত অবকাশ এবং বিভিন্ন শিল্পকারখানার একযোগে ছুটির কারণে মঙ্গলবার বিকেল থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এই চাপ বুধবারও ঢাকা-আরিচা মহাসড়ক এবং মানিকগঞ্জের বিভিন্ন সড়কে অব্যাহত থাকতে পারে বলে তাদের ধারণা।