ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ব¦বিদ্যালয় প্রশাসন। শনিবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জানা যায়, আগামী সপ্তাহ থেকে শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রমটি উন্মুক্ত করে দেয়া হবে। এরপর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট অনলাইনে পরিশোধ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ যশোর জোন শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. কামাল উদ্দীন জসিম, প্রোভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দাবি পূরণ হতে যাচ্ছে। আমরা অনেক দিন ধরেই এ কার্যক্রম বাস্তবায়নের পথ খুঁজছিলাম। বিশ্ব¦বিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংক এগিয়ে আসায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তব রূপ পাচ্ছে।



