লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহন উপজেলায় হৃদরোগে আক্রান্ত আড়াই বছরের শিশু মো: শাকিবের চিকিৎসায় আর্থিক সহায়তা চেয়েছেন তার বাবা-মা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অস্ত্রোপচারের জন্য প্রায় ছয় লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।
শাকিব লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার ছফর আলী মুন্সি বাড়ির মাইক্রোবাসচালক মো: বাচ্চুর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই শাকিব জ্বর, সর্দি, অ্যালার্জি, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। পরে ঢাকায় চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে।
শিশুটির বাবা বাচ্চু বলেন, অর্থের সঙ্কটে নির্ধারিত সময়ে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে শাকিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি কার্ডিয়াক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রক্তনালি সরু হয়ে গেছে। দ্রুত অস্ত্রোপচার না করলে তার অবস্থা আরো জটিল হতে পারে।
তিনি জানান, চিকিৎসার ব্যয় মেটাতে ইতোমধ্যে বিভিন্ন এনজিও থেকে প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়েছেন। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। সহায়তার জন্য যোগাযোগের নম্বর: ০১৭১৬৮৩৯৭৮৭ (বিকাশ ব্যক্তিগত)।



