পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর উপজেলা বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাছরুল্লাহ আল-কাফী ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ গুরুতর আহত হন। বর্তমানে তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
গত রোববার বিকেলে উপজেলার চণ্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন তারা। একই সময় সেখানে চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। এ সময় সমাবেশস্থলে উপস্থিতি কম থাকায় নেতাকর্মী সন্দেহ করেন সাংবাদিকরা তাদের শূন্য চেয়ারের ভিডিও ধারণ করছেন। এমন সন্দেহ থেকেই তাদের ওপর হামলা চালানো হয়।
হামলাকারীরা সাংবাদিকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড, পেনড্রাইভ, প্রেস কার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ফরিদ হোসেন বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ইন্দুরকানী থানার ওসি মোস্তফা জাফর বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



