আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাহপীর কল্লা শহীদ (র:) এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসার, পুলিং অফিসারের কাজও সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচনের সময়ের জন্য অপেক্ষা করছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো পৃথিবীতে যেসব দেশে গণভোট হয়েছে সেখানে লক্ষ্য করলে দেখবেন সরকার একটা পক্ষ নিয়েছে। কোনো কোনো সময় সরকার হ্যাঁ পক্ষ নিয়েছে, কোনো কোনো সময় না পক্ষ নিয়েছে। আমরা তো সংস্কারের পক্ষে, যে সংস্কারে দেশের অপশাসন দূর হবে। দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসতে পারে সেটা দূর করতে হবে। সংস্কারের যে সমষ্টি সেগুলো প্যাকেজ আকারে সমষ্টিগতভাবে গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি হ্যাঁ ভোট দিতে, যাতে দেশে অপশাসন আর ফিরে না আসে।
এর আগে মোহাম্মদ শফিকুল আলম সড়কপথে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ হয়ে আখাউড়া কল্লা শহীদ মাজার পরিদর্শনে আসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম, খরমপুর মাজার শরিফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম প্রমুখ। পরে তিনি মাজার শরিফ মাঠে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন।



