রাজধানীতে পৃথক ঘটনায় যুবক ও ২ নারীর মৃত্যু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এই ঘটনাগুলো ঘটে। এর মধ্যে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে ছিল নীল রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে তেজগাঁও স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের শেষ মাথায় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। সংবাদ পেয়ে সকাল পৌনে ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই দিন সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে দুই নারী ভবঘুরের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নারীদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ওই দুই নারী দীর্ঘ দিন ধরে হাসপাতাল এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন। সোমবার সকাল ১০টার দিকে তাদের জরুরি বিভাগের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী পুলিশকে খবর দেন। পরে তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে।