ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর মাঠের মতোই উচ্ছ্বাস দেখা গেছে টাইগারদের ড্রেসিংরুমেও। ঐতিহাসিক এই জয়ের পর সেই উদযাপনের একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ড্রেসিংরুমে ক্রিকেটারদের অভিনন্দন জানান প্রধান কোচ ফিল সিমন্স। একই সাথে দলের বোলিং ও ব্যাটিং পারফরম্যান্সের প্রশংসা করে সিমন্স বলেন, ‘তোমরা যে কঠোর পরিশ্রম করেছ, এই সাফল্য তোমাদের প্রাপ্য। তোমাদের নিয়ে আমি গর্বিত। ইতিহাসের এ মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য তোমাদের অভিনন্দন। বোলিং গ্রুপকে বিশেষভাবে অভিনন্দন।’
তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি থেকে হাসান মাহমুদের ৯ উইকেট-ব্যক্তিগত সাফল্যগুলো কিভাবে পুরো দলকে আনন্দ দিয়েছে, সেটিও তুলে ধরেছেন তিনি। সিমন্স বলেন, ‘তামিম, অসাধারণ। হাসান ও তামিম প্রথম ইনিংসটি আমাদের নিয়ন্ত্রণে রেখেছিল। শান্ত, তুমিও প্রথম ইনিংসটি নিয়ন্ত্রণ করেছো। মিরাজ, তুমিও এর অংশ ছিলে, দ্বিতীয় ইনিংসটি তুমি নিয়ন্ত্রণ করেছো। এরপর আমরা হয়তো বিষয়টিকে সেভাবে দেখি না, কিন্তু শুরুতেই একটি উইকেট হারানোর পর মিনি (মুমিনুল) এসে শান্ত থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেছে এবং ম্যাচ জিততে সাহায্য করেছে।’
এই দলগত মানসিকতাকেই ভবিষ্যতের সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে দেখছেন সিমন্স। তবে ঐতিহাসিক জয় নিয়ে অতিরিক্ত আবেগী না হয়ে পরের ম্যাচের প্রস্তুতিতে মনোযোগী হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। ‘আমার মনে হয়, এটি আমাদের জন্য বড় ইতিবাচক দিক। সাফল্য ও ধারাবাহিক সাফল্যের জন্য নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আজ আবেগকে খুব বেশি বাড়তে দেয়া যাবে না। কারণ সিরিজ জিততে আমাদের সামনে এখনো আরেকটি ম্যাচ আছে। আমাদের লক্ষ্যের প্রথম ধাপে আমরা সফল হয়েছি। আমরা এখানে শুধু একটি টেস্ট ম্যাচের জন্য আসিনি, আমরা দুটি টেস্টের জন্য এসেছি। এখন একটি ম্যাচ শেষ হয়েছে, সামনে আরও একটি ম্যাচ আছে।’



