বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ। কাগজে-কলমে এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। ভোট হবে, পরিচালক নির্বাচিত হবেন, পরে তারা সভাপতি নির্বাচন করবেন। কিন্তু বাস্তবতা বলছে, এবারের নির্বাচন অনেকটাই ফল নির্ধারিত একটি আয়োজন। ক্রিকেটাঙ্গনের আলোচনায় এখন আর কে জিতবেন বা কে হারবেন সেটি মুখ্য নয়। বরং তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন অধ্যায় কতটা সফল হবে?
২৫ পরিচালক পদের মধ্যে ইতোমধ্যে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত আরো দু’জন সরাসরি পরিচালক হবেন। অর্থাৎ নির্বাচন শুরুর আগেই ১০টি পদ নিশ্চিত হয়ে গেছে। বাকি ১৫টি পদে আজ ভোট হলেও ফলাফল নিয়ে বড় ধরনের কোনো রহস্য নেই। এ কারণেই অনেকের কাছে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং ক্ষমতা হস্তান্তরের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ।
বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক ইতিহাসে গত কয়েক বছর ছিল নাটকীয় পরিবর্তনের। দীর্ঘ দিন বোর্ড পরিচালনার পর বিদায় নিয়েছেন নাজমুল হাসান পাপন। এরপর এসেছে ফারুক আহমেদের অধ্যায়। পরে দায়িত্বে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। আর এখন সব হিসাব-নিকাশ গিয়ে মিলছে তামিম ইকবালের নামের পাশে। সাবেক জাতীয় দলের এই অধিনায়ক বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান। দায়িত্বে থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। সাধারণভাবে এমন পরিস্থিতিতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ নির্বাচন পরিচালনার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি একই সাথে নির্বাচনের অংশও হচ্ছেন। যদিও সমর্থকদের যুক্তি, বর্তমান অস্থির সময়ে ক্রিকেট প্রশাসনে স্থিতিশীলতা আনতেই তাকে সামনে আনা হয়েছে।
তবে শুধু তামিম নন, এবারের নির্বাচনকে ঘিরে আরেকটি আলোচনা বেশ জোরালো। সেটি হলো আত্মীয়করণ ও প্রভাববলয়ের বিস্তার। বোর্ডের বিভিন্ন স্তরে এমন কিছু মুখ দেখা যাচ্ছে, যাদের পরিচয়ের সাথে ক্রিকেট প্রশাসনের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সংযোগ কিংবা রাজনৈতিক নৈকট্যের আলোচনা বেশি হচ্ছে। তাতেই প্রশ্ন উঠছে ক্রিকেট কি সত্যিই ক্রিকেটের মানুষদের হাতে থাকছে, নাকি ধীরে ধীরে এটি একটি ক্ষমতাকেন্দ্রিক কাঠামোয় পরিণত হচ্ছে?
যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন
ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আট পরিচালক। ক্যাটাগারি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সাতজন এবং ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধি একজন সিরাজউদ্দিন মো: আলমগীর। ক্লাব ক্যাটাগরি ১২ পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ কাউন্সিলর। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী। সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে শাকরুল আলম সীমান্ত ও রংপুর বিভাগের পরিচালক মীর্জা ফয়সাল আমীন।
এবার ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। জেলা ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে- কুমিল্লা, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী কাউন্সিলরশিপ জমা দেয়নি। এ ছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিও কাউন্সিলরশিপ পাঠায়নি।
ক্যাটাগরি-১ : নির্বাচন শুধু খুলনা ও বরিশালে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে সাতজন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন এবং মঈন উদ্দিন চৌধুরী, সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ুম চৌধুরী, ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন।
এই ক্যাটাগরিতে খুলনা বিভাগে ১১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন দুই পরিচালক। প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম সুমিত ও মো: আবদুছ সালাম। অন্য দিকে বরিশাল বিভাগে সাতজন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। এ পদের জন্য লড়ছেন মো: মিজানুর রহমান ও মো: মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটাগরি-২ : ঢাকার ৭৬টি ক্লাবের ভোটে ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। ১৮ জন প্রার্থী। দু’জন প্রত্যাহার করলে ১৬ প্রার্থী। পোস্টাল ব্যালটের কারণে অধিকাংশ ফল আগেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অন্তত ১০টি পদে বিজয়ী প্রায় নিশ্চিত। বাকি দু’টি পদের জন্য কয়েকজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যাটাগরি-৩ থেকে আগেই নির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। অন্য দুই পরিচালক মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচিত ও মনোনীত ২৫ পরিচালকই প্রথম বোর্ড সভায় সভাপতি এবং দুই সহসভাপতি নির্বাচন করবেন।



