তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণ

Printed Edition
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণ করেন অতিথিরা
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণ করেন অতিথিরা

নিজস্ব প্রতিবেদক

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, মিরপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মিরপুর-২-এর মিরপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি দেয়া হয়। অনুষ্ঠানে সারাবছরের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড দেয়া হয়। পাশাপাশি ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ৯ কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেয়া হয় শুভেচ্ছা পুরস্কার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর নানা পরিবেশনা। এর মধ্যে ছিল কবিতা আবৃত্তি, হামদ, নাত, নজরুল সঙ্গীত, দেশের গান, জুলাইয়ের গান, কেরাত এবং আরবি, ইংরেজি ও বাংলা বক্তৃতা। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানকে আরো উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের (পল্লবী-রূপনগর) এমপি কর্নেল (অব:) আব্দুল বাতেন । বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার সাবেক অধ্যক্ষ, অধ্যক্ষ যাইনুল আবেদীন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামা, বাইতুল আমুর আলিম মাদরাসার অধ্যক্ষ আতীকুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আশরাফুল আলম, সাগুফতা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মনিরুল ইসলাম খন্দকার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতীকুল্লাহ, সিনিয়র ডিরেক্টর আ ন মু রাশেদুল ইসলাম, মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফুয়াদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব:) আব্দুল বাতেন এমপি বলেন, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর দেশ গঠনে নৈতিক মানসম্পন্ন মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এ জন্য শিক্ষার্থীদের ছাত্রজীবন থেকেই কঠোর অধ্যবসায়, শৃঙ্খলা ও পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ যাইনুল আবেদীন বলেন, মাদরাসার শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা মেধা ও যোগ্যতার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। তাই মাদরাসা শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্য না রেখে তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

মুফতি আলী হাসান উসামা বলেন, কুরআন হিফজের পাশাপাশি জেনারেল শিক্ষায়ও দক্ষতা অর্জন করে আগামী দিনের নেতৃত্বে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তবে নেতৃত্ব দেয়ার আগে কুরআনের আলোকে নিজেদের ব্যক্তিজীবন গঠন করতে হবে। জ্ঞান, নৈতিকতা ও আমলের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে তারা বলেন, শুধু পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শারীরিক বিকাশও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, প্রতিযোগিতার মানসিকতা ও ভবিষ্যতে ভালো করার অনুপ্রেরণা তৈরি করে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।