সামাজিক নিরাপত্তায় ৬ খাতে ভাতার পরিমাণ বাড়ছে

পর্যালোচনায় ৯ সদস্যের কমিটি

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে চলমান বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। এর পরিমাণ ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত হতে পারে।

এরই আলোকে সামাজিক নিরাপত্তার আওতায় চলমান ৬টি নগদ সহায়তা কর্মসূচি পর্যালোচনা-পূর্বক ভাতার হার বাড়ানো, কমানো কিংবা অপরিবর্তিত রাখার বিষয়ে সুপারিশ করতে ৯ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কার্যকরী কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ-এর বাজেট অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং বাজেট-৯ শাখার একজন উপ-সচিবকে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের সিভিল রেজিস্ট্রেশন ও সামাজিক নিরাপত্তা অধিশাখার একজন যুগ্মসচিব; পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ-এর একজন যুগ্মপ্রধান/যুগ্মসচিব (সামষ্টিক ও প্রেক্ষিত পরিকল্পনা অনুবিভাগ); পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ-এর একজন যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা); বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একজন পরিচালক (ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং); সমাজসেবা অধিদফতর-এর একজন পরিচালক (সামাজিক নিরাপত্তা অধিশাখা); মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের একজন পরিচালক (কাবিখা)। কমিটির কার্যপরিধির বিষয়ে অফিস আদেশে বলা হয়েছে- কার্যকরী কমিটি সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত চারটি কর্মসূচি, যথা- ‘বয়স্ক ভাতা কার্যক্রম’, ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রম’, ‘প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম’ ও অনগ্রসর জনগোষ্ঠীগুলোর জীবনমান উন্নয়ন কার্যক্রম’সহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি’- মোট ছয়টি কর্মসূচি/কার্যক্রমের পর্যায়ক্রমিক পর্যালোচনা (পিরিয়ডিক রিভিউ) করবে; কার্যকরী কমিটি পর্যায়ক্রমিক পর্যালোচনার ক্ষেত্রে ‘কনজ্যুমার প্রাইস ইনডেক্স’ (সিপিআই)-কে বেঞ্চমার্ক অর্থনৈতিক সূচক হিসেবে ব্যবহার করবে; কমিটি বছরে একবার ভাতার হার পর্যালোচনা করবে।

কার্যকরী কমিটি ভাতার হার পর্যালোচনা করে এর সুপারিশ সংবলিত প্রতিবেদন ‘সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্তিসভা কমিটি/উপদেষ্টা পরিষদ কমিটি’র বিবেচনার জন্য উপস্থাপনের জন্য অর্থসচিব বরাবর দাখিল করবে; এবং কার্যকরী কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।