আরো দূরে যেতে চেয়েছিলাম

Printed Edition

ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছে প্যারাগুয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নেয়ায় ভীষণ খারাপ লাগছে কোচ গুহতাবো আলফারোর। আরো অনেক দূর যেতে চেয়েছিলেন লাতিন আমেরিকার দলটির কোচ।

রক্ষণ জমাট রেখে ফ্রান্সকে অনেকটা সময় আটকে রাখতে পেরেছিল প্যারাগুয়ে। কিন্তু শেষ পর্যন্ত ডিবক্সে একটি ফাউলে বদলে যায় সব কিছু। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পট কিকে ম্যাচের একমাত্র গোলটি করে প্যারাগুয়ের হৃদয় ভেঙে দেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টির ওই সিদ্ধান্ত নিয়ে রেফারির কোনো সমালোচনা করেননি আলফারো।

ম্যাচের আগের দিন আলফারো জোর দিয়ে বলেছিলেন, জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেই অবিশ্বাস্য কিছু অর্জন করে ফেলেছে প্যারাগুয়ে। ওই জয়ের পর প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও ছিটকে যাওয়ার পর আলফারো বলেছেন, বিশ্ব মঞ্চে খেলতে পারার তৃপ্তি নিয়ে আমি বিশ্বকাপ ছাড়ছি। খারাপ লাগছে, কারণ আমি আরও দূর যেতে চেয়েছিলাম। এই মুহূর্তে আমার ক্ষতগুলো টাটকা, সেখান থেকে রক্ত ঝরছে।