সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি জব্দ

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। গত শনিবার ভোরে বজবজা বন টহল ফাঁড়ির অধীনস্থ জোড়শিং লঞ্চঘাট সংলগ্ন হারেস খালী নদীর পাড় থেকে এসব চিংড়ি মাছসহ নৌকা জব্দ করা হয়। এ সময় জেলেরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। তবে মাছগুলো বিষ দিয়ে মারা ছিল। ঘটনাস্থল থেকে অবৈধ ভেশাল জালসহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে। জানা গেছে, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো: নাসির উদ্দীনের নেতৃত্বে যৌথ এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকালে খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার মো: শাহিনুর রহমান ও বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার উপস্থিত ছিলেন। দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত চত্বরে জব্দকৃত চিংড়ি মাছ পচনশীল হওয়ায় আদালতের নির্দেশক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। কয়রা (খুলনা) সংবাদদাতা।

পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সরকারপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুড়িগ্রাম প্রতিনিধি।

বালিয়াডাঙ্গীতে ২ জনের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে পৃথকভাবে দু’জন আত্মহত্যা করেছে। তারা হলেন বালিয়াডাঙ্গী গ্রামের সাজু (২০) ও পূর্ব কাদশুকা গ্রামের বালিকা আক্তার (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের হিলা হিলালের ছেলে সাজু (২০) পারিবারিক কলহের জের ধরে রোববার বেলা ১১টার সবার অজান্তে নিজ বাড়ির পাশে একটি নিমগাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।কিছুক্ষণ পরে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পেলে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নিচে নামিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।অপর দিকে, উপজেলার পূর্ব কাদশুকা গ্রামের বাসিন্দা ও গ্রাম্যপুলিশ এন্তাজুল হকের মেয়ে বালিকা আক্তার (২৫) রোববার ভোরে নিজ শয়নঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সকাল হলে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেলে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নিচে নামিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ওসি মো: মনিরুজ্জামান। গ্রেফতারকৃতরা হলেন, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বাচ্চু মিয়া এবং একই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান। জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার বিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা।

ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গত শনিবার রাতে শৈলকুপা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, শৈলকুপা উপজেলার প্রতিটি গ্রামেই অভিযান চালিয়ে ঢাল সড়কিসহ দেশী অস্ত্র উদ্ধার করা হবে। যাতে কোনো গ্রামেই সঙ্ঘাত সৃষ্টি না হয় । আইনশৃঙ্খলা রক্ষা করার স্বার্থে এই অভিযান নিয়মিত চলবে। শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা।

কাঁঠালিয়ায় জনসংখ্যা দিবস পালিত

‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাঁঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমি রানী বল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাপস কুমার তালুকদার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন নিজাম মীরবহরসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা। কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ।

‘হানিট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেফতার

টিকটকে পরিচয়, এরপর প্রেমের অভিনয়। বিশ্বাস অর্জনের পর দেখা করার অজুহাতে নির্জন স্থানে ডেকে এনে সঙ্ঘবদ্ধভাবে ছিনতাই। সিলেটে এমন কৌশলে সক্রিয় একটি ‘হানিট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি আইফোন এক্সএস ম্যাক্স মোবাইলফোন উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে চক্রের নারী সদস্যসহ আরো কয়েকজন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আরিফ উর রহমানের (২১) সাথে টিকটকের মাধ্যমে পরিচয় গড়ে তোলেন ‘হানিট্র্যাপ’ চক্রের এক নারী সদস্য। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। গত ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে তাদের সাক্ষাৎ হয়। পরে ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানার দাউদপুরের তুরুকখলা এলাকায় পৌঁছে দেয়ার অনুরোধ করেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নির্ধারিত স্থানে পৌঁছানোর পর আগে থেকেই ওঁৎ পেতে থাকা চক্রের অন্যান্য সদস্যরা তাদের ঘিরে ফেলে। নারী সদস্যসহ কয়েকজন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে তার ব্যবহৃত সুজুকি জিকসার মোটরসাইকেল ও আইফোন এক্সএস ম্যাক্স মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সিলেট ব্যুরো।