ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌর এলাকার মিনি পার্ক-সংলগ্ন পুরাতন কলেজ খেয়াঘাটে যাত্রী পারাপারের সুবিধার্থে নির্মিত নতুন কংক্রিটের ঘাটলায় উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। প্রায় সাত লাখ টাকায় নির্মিত ঘাটলাটির কাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, সাত লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস মাহামুদুল ইসলাম নান্টু ঘাটলাটির নির্মাণকাজ সম্পন্ন করে। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ঘাটলার মাঝামাঝি অংশে দৃশ্যমান ফাটল দেখা দেয়। এতে ঘাটলার স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রলারচালক ও নিয়মিত যাত্রী বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এত দ্রুত ফাটল ধরেছে।
স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেন, নির্মাণকাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রলারচালকদের ঘাটের কাছাকাছি যেতে নিরুৎসাহিত করা হয়। বিষয়টি নিয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
স্থানীয় কয়েক যুবক প্রকাশ্যে বলছেন, ‘এই ঘাট ছয় মাসও টিকবে না।’ তাদের দাবি, উদ্বোধনের আগে দ্রুত ত্রুটিগুলো মেরামত করে ঘাটলাকে ঝুঁকিমুক্ত করতে হবে।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজের মান যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে তবেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ হস্তান্তর বুঝে নেয়া হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারকে তা দ্রুত সংস্কারের নির্দেশ দেয়া হবে।
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীকে বারবার মোবাইলফোনে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঝালকাঠি ও নলছিটির মধ্যে যোগাযোগের ক্ষেত্রে পুরাতন কলেজ খেয়াঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবীসহ হাজারো মানুষ সুগন্ধা নদী পারাপারে এই ঘাট ব্যবহার করেন। তাই জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


