কানাডিয়ান ওপেনের শিরোপা সিয়নতেক ও শেলটনের

Printed Edition
কানাডিয়ান ওপেনের শিরোপা সিয়নতেক ও শেলটনের
কানাডিয়ান ওপেনের শিরোপা সিয়নতেক ও শেলটনের

ক্রীড়া ডেস্ক

কানাডিয়ান ওপেনে নারী এককে শিরোপা জিতেছেন ইগা সিয়নতেক। বৃহস্পতিবার ফাইনালে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় এলেনা রিবাকিনাকে সরাসরি সেটে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে চলতি মৌসুমে নিজের প্রথম ডব্লিউটিএ শিরোপা জিতেছেন পোল্যান্ডের এই তারকা।

টরন্টোর দর্শকদের সমর্থন পাওয়া শিয়াতেক পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখেন। প্রথম সেটে রিবাকিনা ১২টি আনফোর্সড এরর করেন। অন্য দিকে সিয়নতেক দু’বার প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন এবং নিজের দু’টি ব্রেক পয়েন্টও রক্ষা করেন।

দ্বিতীয় সেটে রিবাকিনা একবারও সিয়নতেকের সার্ভিস ব্রেক করতে পারেননি। ২-১ গেমে এগিয়ে যাওয়ার পর শেষ ছয় গেমের পাঁচটিই জিতে মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটে ম্যাচ শেষ করেন এ তারকা। এটি তার ক্যারিয়ারের ২৬তম শিরোপা।

শিরোপা জয়ের পর বলেন, গত কয়েক মাস তার জন্য সহজ ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নানা মতামতের মধ্যেও নিজের খেলার উন্নতিতে মনোযোগ ধরে রাখার কথা জানান তিনি।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রিবাকিনার কাছে হারের পর ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ রাউন্ড এবং উইম্বলডনে তৃতীয় রাউন্ডে থেমে যান তিনি। গত বছর উইম্বলডনে শিরোপা জেতার পর এবার ইউএস ওপেনে আরেকটি গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য থাকবে তার।

এ দিকে কানাডিয়ান ওপেনের পুরুষ এককে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের বেন শেলটন। ফাইনালে স্বদেশি ব্র্যান্ডন নাকাশিমাকে ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে হারান পঞ্চম বাছাই শেলটন।

২০০৩ সালের পর এটিই ছিল এটিপি মাস্টার্স ১০০০ পর্যায়ে প্রথম অল-আমেরিকান ফাইনাল। ২০১৯ সালে রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে কানাডিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন ২৩ বছর বয়সী শেলটন। একই সাথে ২০১৬ সালে নোভাক জোকোভিচের পর প্রথম খেলোয়াড় হিসেবে পুরো টুর্নামেন্টে একটি সেটও না হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

উইম্বলডনে প্রথম রাউন্ড এবং ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর শেলটনের এই সাফল্য তার আত্মবিশ্বাস ফেরানোর বড় উপলক্ষ হয়ে উঠেছে।