ঈদে টঙ্গীবাড়িতে ১০ টাকা কেজিতে গরুর গোশত বিক্রি

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাত্র ১০ টাকায় এক কেজি গরুর গোশত বিক্রির এই আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার সকালে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের পক্ষ থেকে ৫২৩টি অসচ্ছল পরিবারের মধ্যে প্রতীকী মূল্যে এই গোশত তুলে দেয়া হয়। সংশ্লিষ্টরা জানান, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে গত ছয় বছর ধরে তারা নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

১০ টাকায় গোশত কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা আয়শা বেগম ও সামিয়া বেগম। তারা বলেন, বাজারে গোশতের দাম যখন আকাশচুম্বী, তখন নামমাত্র মূল্যে এক কেজি গোশত পাওয়া আমাদের মতো মানুষের জন্য বড় পাওয়া। এতে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, অসহায় মানুষ যেন দানের অনুভূতি না পেয়ে নিজের অর্থে সম্মানের সাথে কেনাকাটার তৃপ্তি পায়, সেই চিন্তা থেকেই এই প্রতীকী মূল্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।