কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ গতকাল সোমবার যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান এসটিসিএন্ডএস এ পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এসটিসিএন্ডএস অভ্যর্থনা জানান।
সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সাথে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালস্রে সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাদের। সেনাবাহিনী প্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, এমআইএসটি; ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা; কমান্ড্যান্ট, এসটিসিএন্ডএস; সেনাবাহিনীর সব সিগন্যাল ব্রিগেডের কমান্ডাররা; সিগন্যাল ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার এসটিসিএন্ডএস এ কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো: নাসিম পারভেজ। যশোর সেনানিবাসস্থ শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। এ সময় একটি চৌকষ দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। আইএসপিআর।



