চট্টগ্রাম দক্ষিণ মহিলা জামায়াতের আলোচনা

জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে সরকার দ্বিচারিতার আশ্রয় নিয়েছে

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন দ্বিচারিতার আশ্রয় নিয়েছে। জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি।’ এমন মন্তব্য করেছেন ‘জুলাই গণ-অভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা।

মঙ্গলবার বিকেলে কর্ণফুলীর ক্রসিং এলাকায় এস আর স্কয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর মহিলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রীনা। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি গুলশান হোসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহকারী সেক্রেটারি কামরুন্নাহার।

আলোচনা সভায় বক্তব্য দেন- আসমা সুলতানা, শামসুন্নাহার, মুমতাহিনা আফিয়া, খাদিজা বেগম, ফরিদা ইয়াসমিন, সাফিয়া বেগম ও সালমা আক্তার।

আয়োজিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের মহিলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।