ভূমিকম্প মোকাবেলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

Printed Edition

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের ভূমিকম্পপ্রবণ সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর অঞ্চলে ক্ষয়ক্ষতি কমাতে সরকার প্রস্তুতি নিচ্ছে। বড় ধরনের ভূমিকম্পের পর দ্রুত উদ্ধারকাজ পরিচালনায় এক লাখ স্বেচ্ছাসেবী প্রয়োজন। এর মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবী চিহ্নিত করা হয়েছে। তাদের ডাটাবেইজ তৈরির কাজ চলছে। শিগগির প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি বলেন, ঢাকা মহানগরে বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার করা মানুষকে আশ্রয় ও সমবেত করার জন্য উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। সরকারি-বেসরকারি সংস্থার উদ্ধার সরঞ্জাম, বেসরকারি হাসপাতাল এবং ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টারের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বন্দরের আমিরাবাদ বক্তারকান্দি এলাকায় গোল্ডেন ফাইবার গ্লাস লিমিটেড চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর আয়োজিত উপকূলীয় ১২ জেলার জন্য ১২টি উদ্ধারকারী স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম ইকবাল হোসাইন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।