ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় পোনা নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) ও কামলা খলিফা (৪৫)।
গতকাল বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। ভ্রাম্যমাণ আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে হাফিজুল খানকে এক মাসের কারাদণ্ড, রফিকুল ইসলাম ও কামলা খলিফাকে ১৫ দিন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভাণ্ডারিয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার রাজু আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে দু’টি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামে একজন পালিয়ে যান।



