ক্রীড়া প্রতিবেদক
শেষ হলো ৪০তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বরাবরের মতোই পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।
মোট চারটি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে
ডিসকাস থ্রো (কিশোর) : বিকেএসপির সায়েদ মুশফিক হোসোইন ৩৯.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০১৯ সালে পাবনার মো : মাসুম আহমেদের গড়া পূর্বের রেকর্ডটি (৩৮.২২ মিটার) ভাঙেন।
১০০০ মিটার (কিশোরী) : নড়াইল জেলা ক্রীড়া সংস্থার খাদিজা খাতুন ৫:১২.৭০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০২৪ সালে কিশোরগঞ্জের স্মৃতি আক্তারের করা ৫:১৫.০৩ সেকেন্ডের রেকর্ডটি পেছনে ফেলেন। ১১০ মি. হার্ডলস (কিশোর) : বিকেএসপির রিফাত শেখ ১৪.৭৪ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। ভাঙেন ২০২৫ সালে নোয়াখালীর মোহাইমেনুন আক্তারের করা ১৪.৮০ সেকেন্ডের রেকর্ডটি।
২০০ মিটার স্প্রিন্ট (বালক) : বিকেএসপির মো : জাহিদুল ইসলাম ২২.০০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। তিনি ২০১৫ সালের আশরাফুজ্জামানের (২২.১৭ সেকেন্ড) ১১ বছরের পুরোনো রেকর্ডটি নিজের নামে করে নেন। তিন দিনে মোট ৪২টি ইভেন্টের সমাপ্তি ঘটে। ২৫টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদকসহ মোট ৫০টি পদক নিয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন। আটটি স্বর্ণ, আটটি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ মোট ২৩টি পদক নিয়ে বাংলাদেশ আনসার রানার্স আপ এবং তিনটি স্বর্ণ, চারটি রৌপ্য ও তিনটি বোঞ্জ পদক মোট ১০টি পদক নিয়ে তৃতীয় অবস্থানে আছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা।



