সাক্ষাৎকার : বদরুজ্জামান সেলিম

এক বছরেই সিলেটের তেল-গ্যাস খাতে পরিবর্তনের পরিকল্পনা

Printed Edition

সিলেট ব্যুরো

আগামী এক বছরের মধ্যে সিলেট অঞ্চলে জ্বালানি তেল-গ্যাস উত্তোলন, নতুন সংযোগ এবং এর সার্বিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার কথা জানিয়েছেন জালালাবাদ গ্যাস ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম। তার অভিযোগ, বিগত সরকারের সময় অশুভ শক্তির প্রভাবে সিলেটের বেশ কয়েকটি সম্ভাবনাময় কূপ থেকে তেল-গ্যাস উত্তোলন আটকে রাখা হয়েছিল। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই পেট্রোবাংলা, বাপেক্স ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন তিনি। পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

বৃহস্পতিবার রাতে সিলেটের শাহী ঈদগাহ এলাকায় নিজ বাসভবনে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বদরুজ্জামান সেলিম। আলাপকালে তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরের অনিয়ম ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছিল। তবে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ পুরোদমে শুরু হয়েছে, যার অংশ হিসেবে জ্বালানি খাতের সঙ্কট কাটাতে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে।

দেশের খনিজ সম্পদের প্রসঙ্গ টেনে বদরুজ্জামান সেলিম বলেন, বর্তমানে দেশের ৩২টি গ্যাসকূপের মধ্যে ২৮টির অবস্থানই সিলেট অঞ্চলে। দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ৭০ শতাংশ আসে এখান থেকেই। বিশেষ করে হরিপুর ও কৈলাশটিলায় গ্যাসের পাশাপাশি খনিজ তেল উত্তোলনের দারুণ সম্ভাবনা রয়েছে। অতীতে এসব কূপ থেকে তেল তোলার সিদ্ধান্ত হলেও পরে তা বন্ধ হয়ে যায়। এ ছাড়া জকিগঞ্জ ও ছাতকের সম্ভাবনাময় কূপগুলো চালু করা আর নতুন কূপ খনন নিশ্চিত করা গেলে দেশের জ্বালানি সঙ্কট চিরতরে দূর করা সম্ভব হবে।

সিলেটে আবাসিক গ্যাসসংযোগের অপ্রাপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সিলেটের গ্যাস দিয়ে সারা দেশ চললেও সিলেটেরই গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের মতো এলাকায় আবাসিক গ্যাসসংযোগ নেই- বিষয়টি সত্যি অবিশ্বাস্য। দায়িত্ব পেয়েই এসব এলাকায় সংযোগ দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলেছি।’

জ্বালানিসঙ্কটের সাথে বিদ্যুৎ খাতের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, গ্যাসসঙ্কটের কারণেই চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সরকারের পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষকেও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হতে হবে। বিশেষ করে ব্যবসায়ীদের রাতের বেলায় অহেতুক আলো জ্বালানো কমিয়ে সকাল সকাল দোকান খোলা ও সন্ধ্যায় তা বন্ধের তাগিদ দেন তিনি।

সিলেটের অর্থনীতি ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কেবল খনিজ সম্পদই নয়, সিলেটি প্রবাসীদের পাঠানো বিপুল রেমিট্যান্স দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখছে। সিলেটে আন্তর্জাতিক ফ্লাইটের স্থবিরতা নিয়েও কথা বলেন তিনি। তার মতে, নামেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর; অথচ চট্টগ্রাম বিমানবন্দরে অনেক বিদেশী ফ্লাইট নামলেও সিলেটে এখনো তা শুরু হয়নি। দ্রুত আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর জোর দাবি জানান তিনি।

রাজনৈতিক অঙ্গনে বদরুজ্জামান সেলিম সিলেট বিএনপির পরিচিত ও সিনিয়র মুখ। তিনি দীর্ঘদিন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে কাজ করা ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিলেট নজরুল একাডেমির মতো নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি।