সিফাতের সাথে কারাগারে আইনজীবীর সাক্ষাৎ জামিনের আবেদন আজ

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের পর গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে থাকা কলেজছাত্র মো: আব্দুল্লাহ সিফাত ওরফে বিল্লালের জামিনের আবেদন গতকাল রোববার করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে বিলম্ব হওয়ায় আজ সোমবার তার জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সিফাতের আইনজীবী অ্যাডভোকেট আলী নাসের খান গতকাল কাশিমপুর কারাগারে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। এ সময় সিফাত ওকালতনামায় স্বাক্ষর করেন।

আইনজীবী আলী নাসের খান জানান, সিফাতের সাথে সাক্ষাৎ করতে তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত মাত্র ১০ মিনিটের জন্য সাক্ষাতের সুযোগ পান তিনি।

সাক্ষাৎকালে সিফাত তার পরিবারের সদস্য ও দেশবাসীর প্রতি সালাম জানিয়েছেন। নিজের ভাষা প্রয়োগ নিয়ে তিনি কিছুটা বিব্রত হলেও বিদ্যুৎ বিল নিয়ে দেয়া বক্তব্যকে তিনি যৌক্তিক ও গণতান্ত্রিক বলে মনে করছেন। কারাগারে তিনি মানসিকভাবে শক্ত রয়েছেন বলেও জানান আইনজীবী।

ওকালতনামার তথ্য অনুযায়ী, সিফাতের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা থানায় মামলা নম্বর-৫৩(৬) ২০২৬ রয়েছে।