ক্রীড়া প্রতিবেদক
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ ছন্দে বাংলাদেশ নারী দল। যুক্তরাষ্ট্রকে হারানোর পর এবার পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারাল টাইগ্রেসরা। কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে এই সাফল্যে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৬৮ রান। আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি। পাপুয়া নিউগিনি ২০ ওভার খেলে করতে পারে ১৩৮ রান। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই শক্ত ভিত গড়ে বাংলাদেশ। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস দু’জন মিলে ৪৯ রানের জুটি গড়ার পথে ১১ বলে ১৭ রান করে আউট হন ফেরদৌস। ২৯ বলে ৩৫ রান করে দলীয় ৬৭ রানে ফিরেন দিলারা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬ বলে ৬ রান করে দ্রুত ফিরলে চাপ বাড়ে। তিন উইকেট হারিয়ে কিছুটা ধীর হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা পরিস্থিতি বুঝে খেলে ৩৪ বলে ২৮ রান করলেও বড় গতি আনতে পারেননি। শেষ ৬ ওভারে ৮০ রান তোলে বাংলাদেশ।
শেষ দিকে ম্যাচের চিত্রটাই বদলে দেন সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন স্বর্ণা। মোস্তারীও দারুণ সঙ্গ দেন, ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শেষ ২৮ বলে আসে ৬৭ রান, আর তাতেই বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৮ রান। পাপুয়া নিউগিনির হয়ে মাইরি টম, হেনাও থমাস ও ডিকা লোহিয়া একটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানেই থামে পাপুয়া নিউগিনির ইনিংস। আর বাংলাদেশের জয় ৩০ রানে। সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, রিতু মনি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।
বাংলাদেশের বোলিং আক্রমণে ছিল না কোনো বিশেষজ্ঞ পেসার। দলের সেরা বোলার বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তারও ছিলেন না এ ম্যাচে। অন্য বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে ধরা দেয় জয়। পাপুয়া নিউগিনির সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ব্রেন্ডা টাউ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৬৮/৫ (দিলারা ৩৫, জুয়াইরিয়া ১৭, শারমিন ২৮, নিগার ৬, সোবহানা ৩৪*, স্বর্ণা ৩৭, রিতু ৫*; মাইরি ১/৩৭, হেনাও ১/৪৪, ডিকা ১/২৫)।
পাপুয়া নিউগিনি : ২০ ওভারে ১৩৮/৯ (হল্লান ২১, ব্রেন্ডা ৩৫, সিবোনা ২৮, মেঘলা ১/২৮, রিতু ১/২৬, ফাহিমা ১/১৩, সোবহানা ১/১২, স্বর্ণা ১/৬)।
ফল : বাংলাদেশ ৩০ রানে জয়ী।
ম্যাচ সেরা : স্বর্ণা আক্তার।
স্বর্ণা আক্তারের রেকর্ড
চার ছক্কা ও একটি চারে ১৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন স্বর্ণা। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো ব্যাটার এক ইনিংসে চারটি ছক্কা মারতে পারলেন। টি-২০তে আগের রেকর্ড তিন ছক্কা ছিল যৌথভাবে আয়েশা রহমান, সানজিদা ইসলাম ও নিগার সুলতানার। ওয়ানডেতে চার ছক্কা মারা একমাত্র ব্যাটার স্বর্ণাই। স্বর্ণার এই ১৪ বলে ৩৭ রানের ইনিংসের স্ট্রাইক রেট ২৬৪.২৮।



