বিবিসিকে কাঠগড়ায় দাঁড় করাল পাঙ্ক-রক জুটি ‘বব ভিলান’

Printed Edition
বিবিসিকে কাঠগড়ায় দাঁড় করাল পাঙ্ক-রক জুটি ‘বব ভিলান’
বিবিসিকে কাঠগড়ায় দাঁড় করাল পাঙ্ক-রক জুটি ‘বব ভিলান’

সাকিবুল হাসান

বিগত প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রে থাকা ব্রিটিশ পাঙ্ক-রক জুটি ‘বব ভিলান’ এবার যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে প্রকাশ্য আইনি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। গত বছর বিশ্বখ্যাত গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যালে ব্যান্ডটির লাইভ পারফরম্যান্সের সময় দর্শকসারি থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠার পর থেকেই মূলধারার গণমাধ্যমগুলো এই জুটিকে নিয়ে নেতিবাচক প্রচারণা শুরু করে। সেই একপেশে ও নেতিবাচক সংবাদ পরিবেশনের বিরুদ্ধে এবার কড়া জবাব দিলো তারা। নিজেদের গায়ে অন্যায়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত তকমা সেঁটে দেয়ার অভিযোগে ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টার বিবিসির বিরুদ্ধে আদালতে একটি হাই-প্রোফাইল মানহানির মামলা ঠুুকে দিয়েছে এই ব্যান্ড দল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক দীর্ঘ ও ঝাঁঝালো বিবৃতিতে বব ভিলান সাফ জানিয়েছে, লাইসেন্স ফি-দাতা সাধারণ ব্রিটিশ জনগণের স্বার্থরক্ষা এবং সমাজে পক্ষপাতহীন সংবাদ ও তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতে বিবিসি কতটা শোচনীয়ভাবে ব্যর্থ, তা প্রতিষ্ঠানটি তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে বারবার প্রমাণ করেছে। ব্যান্ডটির সরাসরি অভিযোগ, ফিলিস্তিনে চলমান জঘন্য অপরাধ ও আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে যারা সোচ্চার, তাদের কণ্ঠরোধ করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়মতান্ত্রিক সেন্সরশিপ চালাচ্ছে বিবিসি। এর অংশ হিসেবে ইসরাইলের নীতি ও ভূমিকার সমালোচনাকারীদের ঢালাওভাবে ‘অ্যান্টি-সেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যা দেয়া হচ্ছে, মূল ধারার সংবাদ থেকে ফিলিস্তিনের পক্ষের কনটেন্ট সুকৌশলে কাটছাঁট করা হচ্ছে এবং বিবিসির শীর্ষ কর্মকর্তাদের তৈরি করা নির্দিষ্ট রাজনৈতিক আখ্যানের বাইরে গিয়ে নির্মিত যেকোনো স্বাধীন তথ্যচিত্রের প্রচার আটকে দেয়া হচ্ছে। বিবিসিকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বব ভিলান বলেছেন, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাদের মুখ বন্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, সেই সাধারণ মানুষের শক্তির কথা রাষ্ট্রীয় ব্রডকাস্টারকে মনে করিয়ে দিতেই তারা এই আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেন এবং আদালতে বিবিসিকে কাঠগড়ায় দাঁড় করানোর এই প্রক্রিয়ার প্রতিটি মুহূর্ত তারা বেশ আনন্দের সাথেই উপভোগ করবেন। এই আইনি লড়াইয়ের নেপথ্যে রয়েছে গত বছরের গ্লাস্টনবারি উৎসবের সেই আলোচিত ঘটনা, যেখানে বব ভিলানের উসকানিমূলক পারফরম্যান্সের সময় হাজার হাজার দর্শক একযোগে ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়। ওই ঘটনার পর ব্যান্ডটির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগে একটি পুলিশি তদন্ত শুরু হয়, যার জেরে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বড় মিউজিক ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ বব ভিলানকে তাদের পূর্বনির্ধারিত আয়োজন থেকে বাদ দিতে বাধ্য হয়। যদিও পরে পর্যাপ্ত প্রমাণের অভাবে পুলিশ সেই তদন্তের অবসান ঘটায়, ততদিনে ব্যান্ডটির পেশাগত ও আর্থিকভাবে বিশাল ক্ষতি হয়ে যায়। এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার পাশাপাশি বব ভিলান তাদের বিবৃতিতে অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে তারা ‘ফিল্টন ২৫’ নামক ফিলিস্তিনপন্থী অধিকারকর্মী দলের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে তাদের মুক্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে, যারা ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারক জায়ান্টের ‘এলবিট সিস্টেমস’ একটি ব্রিটিশ কারখানায় ঢুকে সরাসরি অস্ত্র নিষ্ক্রিয় করার দুঃসাহসিক অভিযানের পর গ্রেফতার হয়েছিলেন। অন্য দিকে, ফিলিস্তিন ইস্যুতে বিবিসির এই কঠোর অবস্থান ও দ্বিমুখী নীতি এখন যুক্তরাজ্যের অভ্যন্তরেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কারের লাইভ সম্প্রচারের সময় ফিলিস্তিনের মানবিক সঙ্কটের পক্ষে বিজয়ীদের দেয়া বক্তব্যগুলো বিবিসি তাদের এডিটিং প্যানেলে নির্মমভাবে ছেঁটে ফেলে, অথচ একই অনুষ্ঠানে কৃষ্ণাঙ্গদের প্রতি অসচেতনভাবে করা একটি চরম আপত্তিকর বর্ণবাদী মন্তব্যকে তারা কোনো সেন্সর ছাড়াই প্রচার হতে দেয়। এই চরম দ্বিচারিতা এখানেই থেমে থাকেনি; তথাকথিত ‘নিরপেক্ষতা লঙ্ঘনের’ ঠুনকো অজুহাত তুলে বিবিসি ‘গাজা : ডক্টরস আন্ডার অ্যাটাক’ নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক প্রামাণ্যচিত্র তাদের প্ল্যাটফর্মে প্রদর্শন করতে অস্বীকৃতি জানায়।