রয়টার্স
রাশিয়া ও ইউক্রেনের রাশিয়া অধিকৃত এলাকাগুলোতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত শনিবার রাশিয়ার কর্মকর্তারা জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অনলাইন খুচরা বিক্রেতা ওজোন এর একটি গুদাম ও একটি শিল্প স্থাপনা রয়েছে। রাশিয়া ও ইউক্রেন, উভয়েই এক অপরের অর্থনৈতিক অবকাঠামো অচল করে দেয়ার লক্ষ্যে ড্রোন হামলার মাত্রা বাড়াচ্ছে। তারা প্রায়ই যুদ্ধের সম্মুখসারির অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। আর এ দিকে যুদ্ধক্ষেত্রের লড়াই সাড়ে চার বছরের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। গত শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলের একটা শপিংমলে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোনের হামলায় অন্তত ১৬ জন নিহত ও আরো ১৩০ জন আহত হয়। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের হামলাগুলো রশিয়ার প্রতিশোধের ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে।
কিয়েভ জানিয়েছে, দূরের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার উদ্দেশ্য হলো রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন বন্ধ করা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেইনে নতুন ফরাসি যুদ্ধ উপকরণ সরবরাহ তরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক ফোন কলে কিইভের আকাশ প্রতিরক্ষার ঘাটতি নিয়ে আলোচনার পর ম্যাক্রোঁ ওই প্রতিশ্রুতি দেন।
শনিবার টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচিসøাভ ফিদারিশ্চিফ জানিয়েছেন, নভোকুইবিশেভস্ক শহরে ইউক্রেইনের ড্রোন হামলায় এক বৃদ্ধা নিহত ও একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।



