অবসরে রিয়াদ মাহরেজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী উইঙ্গার আলজেরিয়ার রিয়াদ মাহরেজ। ২০১৪ সালে অভিষেকের পর ১২ বছর দেশের হয়ে খেলার পর ইতি টানলেন তিনি। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে শেষ বত্রিশ থেকেই বিদায় নেয়ার পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার অধিনায়ক। আলজেরিয়ার বিদায়ের সাথে শেষ হলো রিয়াদ মাহরেজের আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ও।

যদিও বিদায়টা কষ্টের, তবু ব্যক্তিগতভাবে দারুণ একটি বিশ্বকাপ কাটিয়েছেন মাহরেজ। চার ম্যাচে দু’টি গোল ও একটি অ্যাসিস্ট করে মোট তিনটি গোলে অবদান রেখেছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল আর জর্দানের বিপক্ষে করেছিলেন একটি অ্যাসিস্ট। বিশ্বকাপের এক আসরে কোনো আলজেরিয়ান ফুটবলার এর আগে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ৩৫ বছর বয়সী রিয়াদ মাহরেজ নিজেই নিশ্চিত করেন, এটিই ছিল আলজেরিয়ার জার্সিতে তার শেষ ম্যাচ। এর মধ্য দিয়ে এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন দেশটির অন্যতম সেরা ফুটবলার।

২০৩০ বিশ্বকাপের সময় মাহরেজের বয়স হবে ৩৯ বছর। ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিই কি তার শেষ বিশ্বকাপ, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু বিশ্বকাপই নয়, জাতীয় দলের হয়েও এটাই আমার শেষ ম্যাচ। এটিই ছিল আমার শেষ খেলা।’

বিদায়ের হতাশা নিয়েও আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে, ‘আমাদের লক্ষ্য ছিল পরের রাউন্ডে ওঠা। আমার মনে হয়, ম্যাচটি আমাদের নাগালের মধ্যেই ছিল। কিন্তু নিজেদের ভুলে আমরা দুই গোল হজম করেছি। আর এই পর্যায়ে এমন ভুলের মূল্য খুব চড়া।’

ফ্রান্সে জন্ম নেয়া মাহরেজ আলজেরিয়ান বাবা এবং আলজেরিয়ান-মরক্কান মায়ের সুবাদে আলজেরিয়ার হয়ে খেলার সুযোগ পান। ২০১৪ সালে ‘ডেজার্ট ফক্সেস’-এর হয়ে অভিষেকের পর গড়ে তোলেন বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে ১১৯টি ম্যাচে করেছেন ৪০টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৫টি গোল।

২০১৯ আফ্রিকা কাপ অব নেশনস জয়ে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন রিয়াদ মাহরেজ। নাইজেরিয়ার বিপক্ষে সেমিফাইনালে যোগ করা সময়ে দুর্দান্ত এক ফ্রি-কিকে জয়সূচক গোল করেন তিনি। পরে ফাইনালে সেনেগালকে হারিয়ে ১৯৯০ সালের পর প্রথমবার আফ্রিকার শিরোপা জেতে আলজেরিয়া। ক্লাব ফুটবলেও মাহরেজের ক্যারিয়ার সমান উজ্জ্বল। ২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। সেই কীর্তিতে প্রিমিয়ার লিগ জেতা প্রথম আলজেরিয়ান ফুটবলার হওয়ার পাশাপাশি জিতেছিলেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও।

২০১৮ সালে লেস্টার ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে আরো সমৃদ্ধ করেন নিজের অর্জনের ঝুলি। সেখানে জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, দু’টি এফএ কাপ, তিনটি লিগ কাপ এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০২৩ সালের জুলাইয়ে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে যোগ দেন মাহরেজ। সেখানে ইতোমধ্যে জিতেছেন দু’টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি সৌদি সুপার কাপ।