মার্কিন শুল্ক এড়াতে চীনকে সহায়তাকারী ইইউসহ ৪০ দেশ

Printed Edition

আলজাজিরা

চীনের ওপর আরোপিত মার্কিন শুল্ক এড়াতে সহায়তা করার দায়ে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৪০টিরও বেশি দেশকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার কারণে প্রতি বছর মার্কিন সরকারি কোষাগার বহু বিলিয়ন ডলারের রাজস্ব হারাচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।

গত বৃহস্পতিবার প্রকাশিত হোয়াইট হাউজের এক রিপোর্টে বলা হয়, অভিযুক্ত দেশগুলো একটি গোপন পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে মিথ্যা পরিচয় বা ভুয়া লেবেল ব্যবহার করে যুক্তরাষ্ট্রে চীনের পণ্য প্রবেশে পথ সহজ করছে। ‘অফিস অব ট্রেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পলিসি’র রিপোর্টে এই ঘটনাকে ‘বিশাল ট্রান্সশিপমেন্ট কেলেঙ্কারি’ বা পুনরফতানি শুল্ক ফাঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে। চীনের এই অনৈতিক প্রক্রিয়ায় সহযোগীদের তালিকায় ইইউ ছাড়াও মেক্সিকো, কানাডা, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও কম্বোডিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর নাম রয়েছে। পিটার নাভারোর নেতৃত্বাধীন উক্ত দফতর জানিয়েছে, এই অনিয়মের ফলে যুক্তরাষ্ট্রের মোটরগাড়ির যন্ত্রাংশ, অ্যালুমিনিয়াম পণ্য, ইন্টিগ্রেটেড সার্কিট এবং বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন খাত চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এতে হাতছাড়া হওয়া প্রতিটি ডলার আমেরিকার করদাতা, উৎপাদক ও শ্রমিকদের পকেট কেটে নেয়ার সমতুল্য।