কুড়িগ্রাম প্রতিনিধি ও ভূরুঙ্গামারী সংবাদদাতা
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। গতকাল সোমবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮৩ মিটার, যেখানে বিপদসীমা ২৯ দশমিক ৬০ মিটার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পাটেশ্বরী পয়েন্টে পানি আরো ৭ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে সেখানে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দুধকুমারের পানি বিপদসীমা ছাড়ালেও ধরলা নদীর কুড়িগ্রাম ও তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি যথাক্রমে বিপদসীমার ৬০ ও ৪০ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে কুড়িগ্রাম সদর এলাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ দিকে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব পয়েন্টে পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। চিলমারী এলাকায় বৃষ্টিপাত হয়েছে ৮০ মিলিমিটার। এ ছাড়া তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টেও পানি বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। সকাল ৬টার পর থেকে এই পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার বেড়েছে এবং কাউনিয়ায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলের কারণে দুধকুমার নদের পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে এবং জেলার অন্যান্য নদ-নদীর পানিও ক্রমান্বয়ে বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নদ-নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে একটি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও পাউবো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



