১১ শিক্ষকের ৭ পরীক্ষার্থীর সবাই ফেল

Printed Edition

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মুন্সিরতালুক বালিকা দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়া সাত শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। প্রায় ২১৫ শিক্ষার্থীর পাঠদানে ১১ জন শিক্ষক থাকলেও এমন ফলাফলে প্রতিষ্ঠানটির পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, পরীক্ষার প্রস্তুতি ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ২১৫ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানের জন্য রয়েছেন ১১ জন শিক্ষক। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিক্ষকদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে সরকারি অর্থে প্রায় দুই লাখ ৯৮ হাজার টাকা ব্যয় হয়।

চলতি বছরের দাখিল পরীক্ষায় মাদরাসাটি থেকে সাত শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, তাদের সবাই অকৃতকার্য হয়েছে। এতে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিয়মিত ক্লাস, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদানের মান এবং পরীক্ষার আগে বিশেষ প্রস্তুতির ব্যবস্থা ছিল কি না, এসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, ১১ জন শিক্ষক থাকায় শিক্ষকপ্রতি শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এরপরও পরীক্ষায় অংশ নেয়া কোনো শিক্ষার্থী পাস না করায় শিক্ষাকার্যক্রমের মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শিক্ষার্থীদের দুর্বলতা আগে থেকে চিহ্নিত করে বিশেষ ক্লাস বা অতিরিক্ত প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। অভিভাবক জামাল বলেন, পর্যাপ্ত শিক্ষক থাকার পরও সাত পরীক্ষার্থীর সবাই ফেল করায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিয়মিত ক্লাস ও শিক্ষকদের পাঠদান যথাযথভাবে হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখা উচিত। এ বিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।