ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ফয়সাল নামে এক যুবককে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গতকাল এ রায় ঘোষণা করেন জেলার ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ নাজমুল আলম।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আইয়ুব সর্দারের ছেলে চান সর্দার, তার ভাই তারা ও বাবুল আকন্দ। রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি চান সর্দারকে আদালতের হাজির করা হয়। অপর দুই আসামি বাবুল আকন্দ ও তারা সর্দার পলাতক রয়েছেন।

২০১২ সালের ৬ সেপ্টেম্বর শহরের মধ্য আলীপুর মহল্লার মৃত আকু শেখের স্ত্রী ফিরোজা বেগম কোতয়ালী থানায় এই হত্যামামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আগেরদিন ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাশে নিয়ে ফয়সালকে হত্যা করা হয়।

এ ঘটনায় তিনি চান সর্দার (২৮) ও ভাই তারা সর্দার (১৯) ও শহর আলীর ছেলে শাহীনের (২৫) নামোল্লেখসহ আরো কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করেন।

এর মধ্যে আসামি শাহিন শেখ মারা গেছেন ।

মামলার পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত আদালতথ বলেন, পূর্বপরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে আসামি শেখ শাহিন (বর্তমানে মৃত) ধারালো চাকু দিয়ে ফয়সালের পিঠের বামপাশে কুপিয়ে মারাত্মক জখম করে এবং অন্য আসামিরা ফয়সালকে এলোপাতাড়িভাবে মারধর করে। নির্মাণাধীন ওই ভবনের শ্রমিকরা ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে কিন্তু অবস্থা খারাপ কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। পথিমধ্যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছালে ফয়সাল মারা যায়। এর দ্বারা আসামিরা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন।