আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শৈথিল্য বরদাশত করা হবে না : ড. খন্দকার মারুফ

Printed Edition

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো গাফিলতি বা শৈথিল্য বরদাশত করা হবে না। আইনের ফাঁকফোকরে কোনো দাগি দুর্ধর্ষ অপরাধী যেন ধরাছোঁয়ার বাইরে যেতে না পারে, সেদিকে পুলিশকে তীক্ষè নজরদারি রাখতে হবে। জনগণের কাছে প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। মেঘনা নদীতে বালুখেকো, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক কারবারিদের কোনো ছাড় নেই। অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান জিরো টলারেন্স। দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য। গতকাল কুমিল্লার মেঘনা উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রতি এ কথা বলেন।

ড. খন্দকার মারুফ বলেন, অপরাধীর কোনো আদর্শ নেই, দল নেই। তাদের পরিচয় শুধুই অপরাধী। অপরাধী যে দলের বা মতেরই হোক না কেন, তাদের ক্ষমা নেই। এদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

মেঘনার ইউএনও মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম, রমিজউদ্দিন লন্ডনী, এম এম মিজানুর রহমান, সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন ও লিপি মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।