সুযোগ পেলে প্রতিবন্ধীরাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : এ টি এম আজহার

Printed Edition

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা সম্মানের সাথে স্বাবলম্বী জীবনযাপন করতে পারবেন।

গতকাল সোমবার বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাগো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিবন্ধীদের উদ্দেশে এ টি এম আজহার বলেন, আপনারা নিজেরা তো এই অবস্থাটি বেছে নেননি। আল্লাহ আপনাদের এ অবস্থায় সৃষ্টি করেছেন। তাই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকুন এবং ধৈর্য ধারণ করুন। আল্লাহর ওপর ভরসা রেখে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। তিনি বলেন, আমাদের দেশে সরকারের বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন খাতে ব্যয় হয়। দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কয়েক কোটি নয়, কয়েক লাখ হতে পারে। তাদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য বিদেশের কাছে হাত পাতার প্রয়োজন নেই। আমাদের দেশেই যথেষ্ট সম্পদ রয়েছে। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবন্ধী মানুষের দায়িত্ব সরকার নিতে পারে।

তিনি বলেন, গত সরকারের আমলে ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতি না থাকলে সরকারের পক্ষে প্রতিবন্ধী মানুষের জন্য আরো কার্যকরভাবে কর্মসংস্থান, প্রশিক্ষণ ও ভাতা নিশ্চিত করা সম্ভব। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি বরাদ্দের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে তারা সম্মানের সাথে সমাজে কাজ করতে পারবেন।

সমাজের বিত্তশালী ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে এ টি এম আজহারুল ইসলাম বলেন, আমরা বিয়ে, আকিকা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনেক অর্থ ব্যয় করি। সেখান থেকে সামান্য কিছু অর্থও যদি অসহায় ও প্রতিবন্ধী প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর জন্য ব্যয় করি, তাহলে তাদের জীবন অনেকটা সহজ হবে। সমাজের সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে সমাজকে পরিবর্তন করা সম্ভব। প্রতিবন্ধীদের মধ্যে যারা যে কাজে দক্ষ, তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এতে তারা কারো বোঝা হয়ে না থেকে সম্মানের সাথে নিজের ও পরিবারের দায়িত্ব পালন করতে পারবেন।

সভায় আরো বক্তব্য রাখেন বদরগঞ্জের ইউএনও আঞ্জুমান সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আশিকুল আরেফিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মোহাম্মাদ রোস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে এ টি এম আজহারুল ইসলাম বদরগঞ্জ উপজেলা পরিষদে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।