নিজস্ব প্রতিবেদক
সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন সরকারের দুই কর্মকর্তা। অতিরিক্ত সচিব পদমর্যাদার এ দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তার একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মামুনুর রশীদ ভূঞা। পদোন্নতির পর তাকে আবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগেই পদায়ন করা হয়েছে।
অন্য দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো: কামরুজ্জামানও সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে।



