হেড-স্মিথের ব্যাটে দিনটা অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক
Printed Edition

কাভার দিয়ে বল সীমানার বাইরে। জেগে উঠল গোটা গ্যালারি। সেঞ্চুরি পূর্ণ করলেন ট্রাভিস হেড। করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানালেন দর্শকরা। এই ওপেনারের পর চলতি অ্যাশেজে প্রথম শতকের দেখা পেলেন স্টিভেন স্মিথও। দু’জনের দৃঢ়তায় পঞ্চম টেস্টে দিনটি যেন হয়ে গেল অস্ট্রেলিয়াময়। প্রথম ইনিংসে ইংল্যান্ডে করা ৩৮৪ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫১৮ রান নিয়ে শেষ করল স্বাগতিকরা। এতে প্রথম ইনিংসে ১৩৪ রানে এগিয়ে অসিরা।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ৯১ রানে অপরাজিত ছিলেন হেড। অপর প্রান্তে ১ রান নিয়ে নাইটওয়াচম্যান হিসেবে ছিলেন মিচেল নেসার। ২ উইকেটে ১৬৬ রান নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। দিনের ষষ্ঠ ওভারে ১০৫ বল মোকাবেলায় কাক্সিক্ষত তিন অঙ্কে পা রাখেন হেড। সিডনিতে প্রথম হলেও টেস্টে এটি হেডের দ্বাদশ সেঞ্চুরি। আর অস্ট্রেলিয়ায় রেকর্ড সাতটি ভিন্ন ভেনুতে সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন স্টিভ ওয়াহ, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার ও ডেভিড ওয়ার্নার।

নেসারের ধৈর্যশীল ব্যাটিংয়ে তৃতীয় দিনের প্রথম ঘণ্টার চ্যালেঞ্জ ভালোভাবেই কাটান হেড। এর পর ৯০ বলে ২৪ রান করে নেসার বিদায় নিলে ৭২ রানের জুটি ভাঙে। এর পর স্মিথকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি। দ্বিতীয় সেশনের শুরুতে ১৬৩ রান করা হেডকে থামান জ্যাকব বেথেল। চলতি অ্যাশেজে এটি তার তৃতীয় সেঞ্চুরি। সবগুলোই করেছেন ওপেনিংয়ে নেমে। অ্যাশেজের এক সিরিজে হেডের চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কোনো অস্ট্রেলিয়ান ওপেনারের। আর এবারের অ্যাশেজে ৬০০ রান হলো এই ব্যাটারের। তালিকায় ৩৯৪ রান করে দুইয়ে জো রুট।

উসমান খাজা মাঠে নামলে করতালি দিয়ে স্বাগত জানান দর্শকরা। বিদায়ী টেস্টে অনেকটা সময় ক্রিজে কার্সের বলে এলবিডব্লিউ হয়ে ১৭ রান করে ফেরেন তিনি। উইকেটে এসে টিকতে পারলেন না অ্যালেক্স ক্যারিও। এরপর ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে এগিয়ে চলেন স্মিথ। ১৬৬ বলে পূর্ণ করেন সেঞ্চুরিও। কার্সের বলে ৩৭ রানে গ্রিন ফিরলে ভাঙে ৭১ জুটি। এরপর দিনের বাকি সময় ওয়েবস্টারকে নিয়ে কাটিয়ে দেন স্মিথ। ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরিতে ১২৯ রান নিয়ে অপরাজিত আছেন স্মিথ। এই ইনিংসের সৌজন্যে অ্যাশেজে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেলেন এই ভারপ্রাপ্ত অধিনায়ক। তার সেঞ্চুরি ১৩টি ও রান ৩ হাজার ৬৮২। ১৯ সেঞ্চুরি ও রান ৫ হাজার ২৮ রান নিয়ে দুই জায়গায় শীর্ষে ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত ডন ব্র্যাডম্যান।