এশিয়ায় শীর্ষে, বিশ্বে ষষ্ঠ গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার

Printed Edition

একটি স্বপ্ন, কিছু তরুণের সাহস এবং শেষ পর্যন্ত হাল না ছাড়ার মানসিকতা-এই তিনের সমন্বয়ে আন্তর্জাতিক স্পেস রোবোটিক্স প্রতিযোগিতায় নতুন ইতিহাস গড়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার টিম। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬-এ ২০টি ফাইনালিস্ট দলের মধ্যে বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন করেছে দলটি। একই সাথে এশিয়ার অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করে বাংলাদেশের জন্যও একটি নতুন মাইলফলক তৈরি করেছে।

২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আঙ্কারায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শুরুতে ৪০টিরও বেশি আন্তর্জাতিক দল প্রতিযোগিতায় অংশ নিলেও কঠোর বাছাইয়ের পর মাত্র ২০টি দল ফাইনালে জায়গা করে নেয়।

প্রতিযোগিতায় শুধু রোভার তৈরি করলেই চলেনি। বাস্তবসম্মত মহাকাশ মিশনের আদলে বিভিন্ন জটিল চ্যালেঞ্জের মধ্য দিয়ে দলগুলোর রোভারের নকশা, স্বয়ংক্রিয় পরিচালনা, প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, উদ্ভাবনী চিন্তা এবং দলগত সমন্বয় যাচাই করা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে জিইউবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন এ অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই অর্জন শুধু গ্রিন ইউনিভার্সিটির নয়, সমগ্র বাংলাদেশের।

ভিসি আন্তরিক সহযোগিতা ও নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ওয়ালটন এবং আকিজ গ্রুপের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।